SIR চূড়ান্ত ভোটার তালিকা: পশ্চিমবঙ্গে এক ধাক্কায় ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম বাদ, জেলাভিত্তিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
SIR চূড়ান্ত ভোটার তালিকায় পশ্চিমবঙ্গে ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়ায় রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক চাঞ্চল্য।
মধুরিমা সেনগুপ্ত, কলকাতা: SIR প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খসড়া ভোটার তালিকায় আগেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল এবং চূড়ান্ত তালিকায় আরও ৭ লক্ষের বেশি নাম ডিলিট হওয়ায় সব মিলিয়ে রাজ্যজুড়ে মোট ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যান সামনে আসতেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। দক্ষিণ কলকাতায় বাদ পড়েছে ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের নাম, উত্তর কলকাতায় নিষ্পত্তি না হওয়া ভোটারের সংখ্যা ৪০ হাজার হলেও মোট বাদ পড়া নামের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭ হাজার। নদীয়ায় বাদ পড়েছে ২ লক্ষ ৭৬ হাজার ভোটারের নাম এবং সেখানে এখনও নিষ্পত্তি না হওয়া ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার। বাঁকুড়ায় বাদ পড়েছে ১ লক্ষ ৩৫ হাজার নাম এবং উত্তর ২৪ পরগনায় বাদ গেছে প্রায় ৫ লক্ষ ২০ হাজার ভোটারের নাম। মুখ্যমন্ত্রীর কেন্দ্র অর্থাৎ ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ পড়ার তথ্য সামনে আসায় রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে। কোচবিহার দক্ষিণে আন্ডার অ্যাজুডিকেশনে রয়েছে ২৭ হাজার ভোটার এবং কোচবিহার উত্তরে রয়েছে আরও ২৪ হাজার ভোটার। অর্থাৎ বহু জেলায় এখনও বিপুল সংখ্যক ভোটারের নাম চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।
এই বিপুল সংখ্যক নাম বাদ পড়াকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য রাজ্যের চারটি জেলায় চারজন সিনিয়র আইপিএস আধিকারিককে বিশেষভাবে নিয়োগ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। নির্বাচন সংক্রান্ত এই পরিস্থিতিকে ঘিরে প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। প্রশাসনের দাবি, মৃত ভোটার, অন্যত্র স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট নাম এবং তথ্য যাচাই অসম্পূর্ণ থাকার কারণেই এই বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ECI- এর নির্ধারিত নির্দেশিকা ও নিয়ম মেনেই। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি এবং নাগরিক সমাজের একাংশ। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু প্রকৃত ভোটারের নামও বাদ পড়ে যেতে পারে, যার ফলে আগামী নির্বাচনে লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যদিও এটাই শেষ লিস্ট নয়, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির জন্য প্রায় ৫০ লাখ নাম এখনও বাদ পরে আছে, এই কেসগুলি এখনও বিচারাধীন। এবং জানা গেছে, যাদের নাম এখন 'Adjudication' বিভাগে আছে, তাদের নথিপত্র পশ্চিমবঙ্গসহ ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচার বিভাগীয় কর্মকর্তাদের দ্বারা যাচাই করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই প্রক্রিয়া শেষ হলে তাদের নামগুলো পর্যায়ক্রমে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের মাধ্যমে ভোটের আগেই যুক্ত করা হবে। সাপ্লিমেন্টারি তালিকার একটি অংশ মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকায় ৬৫ লক্ষেরও বেশি নাম বাদ পড়া নিঃসন্দেহে রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় একটি বড় মোড় এনে দিয়েছে। এছাড়াও যাদের নাম বাদ পড়েছে, সেই সাধারন মানুষদের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক টানাপোড়েন, প্রশাসনিক ব্যাখ্যা ও জনমতের চাপ—এই তিনের মাঝেই SIR- এর চূড়ান্ত ভোটার তালিকা আগামী দিনে রাজ্য-রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।